বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা। ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়।
সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে সরকার ‘অবৈধভাবে’ আটক করে রেখেছে। আইনের মাধ্যমে তার জামিনের সুযোগ থাকলেও সরকার হস্তক্ষেপ করছে। অবিলম্বে খালেদা জিয়াকে কারামুক্ত না করা হলে সরকার পতনের আন্দোলনের হুমকি দেন তারা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
খুলনা : বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ সড়কের দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বলেন, দেশের মানুষ ক্ষোভে ফুঁসছে। জিয়া পরিবার ও খালেদা জিয়ার অসামান্য জনপ্রিয়তা সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে বলেই সরকার আদালতকে ব্যবহার করে তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য দেন এসএম শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, আমীর এজাজ খান, অধ্যাপক গাজী আবদুল হক, মীর কায়সেদ আলী, একরামুল হক হেলাল প্রমুখ।
গাজীপুর : রাজবাড়ী সড়কে দলের কার্যালয়ের সামনে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা। সেখানে সমাবেশে মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন ড. শহীদুজ্জামান, আবদুল মোতালিব, শওকত হোসেন সরকার, বশির উদ্দিন বাচ্চু, সাখাওয়াত হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, আব্দুর রহিম, ফারুক খান, শাহাদাৎ হোসেন শাহিন, নাজমুল খন্দকার সুমন, রশিদ আজাদ প্রমুখ।
ঝিনাইদহ : সকালে ঝিনাইদহ শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় সেখানে দাঁড়িয়েই সেøাগান দিতে থাকেন নেতাকর্মীরা।
পরে কার্যালয়ের ভেতরে সমাবেশ হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পাননু, আবদুল মজিদ বিশ্বাসসহ অন্যরা বক্তব্য দেন।
মেহেরপুর : সকাল ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মাসুদ অরুণ। সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক সাংসদ আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক পৌর মেয়র আবদুর রহমান, সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, ইলিয়াস হোসেন, আনছারুল হকসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবি জানান এবং রাজনীতির মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
চুয়াডাঙ্গা : সকালে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কয়েক দফা ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
