গ্রামের উন্নয়ন তহবিলের প্রায় ১০ লাখ টাকা নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল রবিবার সকালে উপজেলার করিমপুর ইউনিয়নের কালধর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিতে নিহত আমির উদ্দিন (৫০) কালধর গ্রামের সাঈদ উল্লাহর ছেলে।
সংঘর্ষে গুরুতর আহত ১৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন। পুলিশ ফারুক মিয়া নামের একজনকে অস্ত্রসহ আটক করেছে। সংঘর্ষের পর থেকে গ্রামে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম গ্রামের লোকজনের বরাত দিয়ে জানান, কালধর গ্রাম উন্নয়ন তহবিলের প্রায় ১০-১২ লাখ টাকার হিসাব নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। গ্রাম পঞ্চায়েত কমিটির নেতা ফারুক মিয়া, মিলিক মিয়া, মনু মিয়া ও আউয়াল মিয়া টাকার হিসাব দিতে গড়িমসি করায় একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। গতকাল রবিবার সকালে দুপক্ষে সংঘর্ষ বাধে। এ সময় ফারুক পক্ষের লোকজন গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে আমির উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। ওসি আরও জানান, ফারুককে তার লাইসেন্স করা বন্দুকসহ আটক করা হয়েছে।
