নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে কালু বাইন (২৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে উপজেলার নতুন মহল্লার কুয়েত প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
কালু বাইন বরিশালের বানারীপাড়া থানার তেঁতলা গ্রামের কাকরাইল বাইনের ছেলে। তিন দিন আগে তিনি কাজের জন্য সানারপাড় এলাকায় বড় ভাইয়ের বাসায় আসেন। এ ঘটনায় একই গ্রামের কালুর বন্ধু সবুজ বাইন (২৫) ও স্বপনকে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই সাইদুর রহমান সাঈদ জানান, শনিবার রাত পৌনে ৪টার দিকে সবুজ ও স্বপনকে নিয়ে কুয়েত প্লাজার সামনে আড্ডা দিতে যান কালু। নিজেদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে বাকি দুজন কালুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এদিকে, পাইনাদী সিআইখোলা এলাকার ভাড়া বাসা থেকে গতকাল দুপুরে ইমাম হোসেনের (৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এসআই মোশারফ জানান, এত ছোট শিশুর ফাঁস নিয়ে মৃত্যু রহস্যজনক।
