বুড়িগঙ্গার তীরে বিআইডব্লিউটিএ’র অভিযান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০১:৩৯ এএম

বুড়িগঙ্গা নদীর দুই তীরে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার হাজার স্থাপনা ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ।

রবিবার কেরানীগঞ্জের তেলঘাট সংলগ্ন আলম মার্কেট এলাকার বর্জ্য অপসারণের মধ্য দিয়ে অভিযানটি শুরু হয়। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা বন্দর) এ কে এম আরিফ উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।

চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর দুই পার দখল মুক্ত করতে ধারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। মোট ৫০ কার্য দিবসের এই অভিযানের অংশ হিসেবে বুড়িগঙ্গার তীরে এই অভিযান চালায় সংশ্লিষ্টরা। এ সময় আলম মার্কেট ঘাটের পাশেই কেরানীগঞ্জ যুবলীগের আঞ্চলিক শাখার অস্থায়ী কার্যালয় ভেঙে দেওয়া হয়।

আরিফ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‌‘নদী রাষ্ট্রীয় সম্পদ। নদীকে হত্যা করা মানে রাষ্ট্রকে হত্যা করা। নদী দূষণে জড়িতদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা উচিত। বুড়িগঙ্গার এই পাশটা গার্মেন্টস ব্যবসায়ীরা জুট কাপড় ও নানা ধরনের ময়লা ফেলে নদীকে দূষিত করছে। আমরা বারবার পরিষ্কারের পরও তারা সেটি করেই যাচ্ছে। এবার শেষ বারের মতো পরিষ্কার করে দিয়ে গেলাম। পরবর্তীতে আবার দূষিত করলে ফৌজদারি মামলা দেওয়া হবে।’

এ সময় কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বিআইডব্লিউটিএ’র এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত