বাংলাদেশি ছাড়া কেউ ঢুকলে বিদায় : পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ০২:০৩ এএম

বাংলাদেশের নাগরিক নয়, এমন কেউ যদি ভারত থেকে এ দেশে প্রবেশ করে তবে তাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘দেশের সীমান্ত দিয়ে বাংলাদেশি ছাড়া অন্য কেউ ঢুকলে তাদের বিদায় করে দেওয়া হবে।’ গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন। আবদুল মোমেন বলেন, ‘বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখে ভারত থেকে ফড়িয়া ধরে বাংলাদেশে লোক আসছে’। তিনি বলেন, ‘আমরা ভারতকে বলেছি, আমাদের কোনো অবৈধ লোক তোমাদের দেশে থাকলে স্ট্যান্ডার্ড প্রসিডিউরের (যথার্থ প্রক্রিয়ায়) মাধ্যমে তাদের ফেরত পাঠাও।’ এনআরসি  প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের নাগরিকপঞ্জি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তারা আমাদের আশ্বস্ত করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দেশটির কোনো কোনো নেতা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। আমরা সেসব বক্তব্য আমলে নিচ্ছি না। কারণ, সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে।’

ভারত সফর বাতিলের প্রসঙ্গে তিনি জানান, বঙ্গবন্ধু সরকারের একটি অলিখিত নিয়ম আছে মন্ত্রী-সচিব একই সময়ে বিদেশে যাওয়া যায় না। তিনি বলেন, ‘আমার ভারত সফরে যাওয়ার সময় প্রতিমন্ত্রী-সচিব বিদেশে অবস্থান করছেন। সে কারণে সফর বাতিল করা হয়েছে।’

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের পদক্ষেপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা নিয়ে শুনানির পর মিয়ানমারের সুর নরম হয়েছে। আমাকে দেশটি সফরে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি বলেছি, বাংলাদেশে এসে রোহিঙ্গা যাচাই-বাছাই করতে। আমাদের সেনাপ্রধান মিয়ানমার গিয়েছিলেন, তার যাওয়ায় আলোচনার দ্বার আরও উন্মুক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত