বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস আগামীকাল বুধবার। দিবসটি উদযাপনে রাজধানীর পিলখানার সদর দপ্তরে কুচকাওয়াজ, মোটর শোভাযাত্রা, বিশেষ দরবারসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দিবসটি উদযাপনে বুধবার সকাল ১০টায় বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। মোটর শোভাযাত্রা, ‘স্বাধীনতা ও উন্নয়নের অগ্রযাত্রায় বিজিবি’ শীর্ষক সম্মিলীত প্রদর্শনী শেষে পদক প্রদান করবেন তিনি। এরপর দুপুর ১২টা ২০ মিনিটে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে প্রধানমন্ত্রী বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করবেন। পরের দিন বৃহস্পতিবার একই মিলনায়তনে বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার হবে। দরবার শেষে পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিধান, পুরস্কার ও প্রশংসাপত্র দেওয়া হবে। পরে বিজিবির খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বা উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হবে।
