কনুইয়ের কালো দাগ নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। এই দাগের হাত থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। দেখতেও খুব দৃষ্টিকটু।
দামি রাসায়নিক ব্যবহারেও এই দাগ সহজে দূর হতে চায় না। ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে এই দাগের হাত থেকে মুক্তি মিলবে সহজে।
ঘরোয়া উপাদানে তৈরি প্যাক সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করলে দু’-তিন সপ্তাহের মধ্যেই ভালো ফল পাবেন।
চিনি-লেবু: পানিতে এক চামচ চিনি মিশিয়ে খানিকটা ফুটিয়ে নিন। চিনি গলে পানিতে মিশে যাওয়ার পর ঠান্ডা করে নিন সেই মিশ্রণ। এবার এই চিনির রস অর্ধেক লেবুর গায়ে মাখিয়ে কনুইয়ের কালো দাগের উপর লেবুটা ঘষতে থাকুন। মিনিট দশেক পর ভালো করে ধুয়ে নিন।
লেবুর অ্যাসিড ও চিনির শর্করা ত্বকের মৃত কোষ ঝরিয়ে সরিয়ে দেবে কালো দাগ।
দই, বেসন ও লেবু: এক চামচ টকদই, এক চামচ বেসন ভালো করে মিশিয়ে তার উপর গোটা একটি পাতিলেবু চিপে একটি প্যাক তৈরি করুন। পাঁচ মিনিট এই প্যাক লাগিয়ে রাখুন কনুইয়ে। শুকিয়ে গেলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগান।
বেসন লোমকূপের ভেতরে লুকিয়ে থাকা ময়লা সরাতে কাজে আসে। সঙ্গে যোগ হয় দই ও পাতিলেবুর অ্যাসিড। তিনে মিলে দীর্ঘমেয়াদি কালো দাগ দূর করে।
অলিভ অয়েল ও চিনির রস: চিনি যেমন প্রাকৃতিক স্ক্রাবার, তেমনই অলিভ অয়েলও ত্বককে নরম ও দাগমুক্ত রাখতে সাহায্য করে। ত্বকে ব্যবহারযোগ্য এক চামচ অলিভ অয়েল ও আধা চামচ চিনির রস মিশিয়ে কনুইয়ের উপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর চিনির রস টেনে গেলে ধুয়ে নিন। সপ্তাহে তিন বার এই প্যাক লাগালে দু’-তিন মাসের মধ্যেই দাগ অনেকটা হালকা হয়ে এক সময় উঠে যাবে।
