গাজীপুরে ফ্যান কারখানায় আগুনে ১০ জন নিহতের ঘটনায় অবহেলাজনিত প্রাণহানির একটি মামলা হয়েছে। নিহত শ্রমিক রাশেদের বাবা কামাল হোসেন বাদী হয়ে গত সোমবার রাতে গাজীপুরে মামলাটি করেন। মামলায় ব্যবস্থাপনা পরিচালকসহ সাতজনকে আসামি করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং দুজন অজ্ঞাতসহ মোট সাতজনকে আসামি করে মামলাটি করা হয়। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার আসামিরা হলেন রোজ হাইটেক লাক্সারি ফ্যান কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হাসান ঢালী, পরিচালক খোরশেদ আলম, নাছির, ডা. জহিরুল ইসলাম ও শামিম ঢালী।
মামলায় বাদী উল্লেখ করেন, কারখানা কর্তৃপক্ষ সরকারি বা যথাযথ কর্তৃপক্ষের বৈধ অনুমোদন না নিয়ে, কোনো প্রকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা না নিয়ে, কোনো প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা না রেখে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল।
গত রবিবার রাতে কেশোরিতা এলাকার লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ শ্রমিক ঘটনাস্থলেই নিহত এবং আরও দুই শ্রমিক দগ্ধ হন। এ ঘটনায় তদন্তে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
