জাল দলিল দিয়ে ভুয়া ব্যক্তির মাধ্যমে ঋণের নামে এনআরবি ব্যাংকের সাড়ে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), যে ব্যাংকটি হয়েছে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ ও আয়-আমানত দক্ষতার সঙ্গে দেশে কাজে লাগাতে। আসামিদের মধ্যে একজন ঋণগ্রহীতা, তিনজন ব্যাংক কর্মকর্তা ও একজন সার্ভেয়ার। গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর পক্ষে মামলাটি করেন উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
এজাহারে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে এনআরবি ব্যাংক লিমিটেডের ঋণ বিতরণ ও গ্রহণ করে ৫ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার টাকা আত্মসাৎ করেন। আসামিরা হলেন, কামরাঙ্গীর চরের আশ্রাফাবাদ হুজুরপাড়ার হৃদয় কনফেকশনারির মালিক শাহীন লতিফ, এনআরবি ব্যাংকের গুলশান করপোরেট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও বর্তমানে ব্র্যাক ব্যাংকের ইসলামপুর শাখার এভিপি সোহানুর রহমান, এনআরবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ বিন আহমেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাহাত শামস্ এবং জিওলোজাইজ সার্ভে করপোরেশনের প্রোপাইটর ও চিফ সার্ভেয়ার মিজানুর রহমান কনক।
