রাজাকারদের পক্ষ নিয়ে মুখোশ খুলেছে বিএনপি : তথ্যমন্ত্রী

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০২:৪৫ এএম

স্বাধীনতার ৪৮ বছর পর রাজাকারের তালিকা কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজাকারদের পক্ষ নিয়ে নিজেদের মুখোশ নিজেরাই উন্মোচন করেছে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার সদর দপ্তরে বেতারের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন র‌্যালি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘আমরা এতদিন ধরে

বলে আসছি, বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক এবং তাদের দলের চেয়ারপারসন পাকিস্তানিদের দোসর ছিলেন। তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করেছেন। রাজাকারের তালিকা প্রকাশের পর মির্জা ফখরুল সাহেব কেন তালিকা প্রকাশ হলোÑ এ প্রশ্ন রেখে রাজাকারদের পক্ষ অবলম্বন করে বিএনপি নিজেদের মুখোশই উন্মোচন করেছেন।’ তিনি বলেন, ‘রাজাকারের তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, রাজাকারদের যারা আশ্রয়-প্রশ্রয় দিয়েছে, তারা বিএনপি ও তাদের সহযোগী এবং সেজন্যই এ তালিকা প্রকাশে তাদের এত গাত্রদাহ।’

বাংলাদেশ বেতারের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ ও জাতি গঠন এবং উন্নত রাষ্ট্র গড়ার পাশাপাশি জাতির মনন তৈরিতে বেতারের অনন্য ভূমিকা রয়েছে। ‘নিউ-মিডিয়ার’ এ যুগেও বেতার তার স্বাতন্ত্র্য বজায় রেখেছে। উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সর্বত্র মানুষ এখন গাড়িতে, মোবাইলেও বেতার শোনে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার, অতিরিক্ত সচিব নূরুল করিম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বেতারের উপমহাপরিচালক (বার্তা) হোসনে আরা তালুকদার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত