কবুতর চুরি দেখে ফেলায় শিশুকে ‘হত্যা’

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০৬:০৭ পিএম

মাদারীপুরে কবুতর চুরির ঘটনাকে কেন্দ্র করে ৭ বছর বয়সী এক শিশুকে হত্যা করে পুকুরে লাশ ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মাদারীপুর শহরের পূর্ব-রাস্তি এলাকায়। নিহত ওসমান গনি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে উত্তর ঝিকরহাটি গ্রামে মাসুদ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ওসমান গনি শহরের পূর্ব-রাস্তি এলাকায় মামা মাসুদ ফকিরের বাড়িতে থেকে পড়াশোনা করত।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল থেকে ওসমানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে ওসমান গনির লাশ দেখতে পায় তার পরিবার। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখে।

ওসমানের মামা কবুতর পালতো। সেই কবুতর প্রতিবেশী এমদাদ মাতুব্বরের ছেলে আজিজুল মাতুব্বর চুরি করে বলে পরিবারের দাবি।

সূত্র জানায়, চুরি যাওয়া দুটি কবুতর ও নিহত ওসমানের ব্যবহৃত একটি টর্চ লাইট আজিজুল মাতুব্বরের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, কবুতর চুরি করতে দেখে ফেলায় ওসমানকে হত্যা করে লাশ পুকুরে লুকিয়ে রাখার চেষ্টা করেছে ঘাতকরা। বর্তমানে অভিযুক্ত পরিবার পলাতক আছে।

নিহতের মামা মাসুদ ফকির বলেন, আমি মনে করি কবুতর চুরি করতে দেখে ফেলায় আজিজুল আমার ভাগনেকে হত্যা করেছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত