কাহারোল উপেজলা সহকারী কমিশনার (ভূমি) রমিজ আলমের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের সমাধি ভাঙচুর করে অবৈধভাবে দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বাজারে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও রামচন্দ্রপুর ইউনিয়নবাসী এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সাহাপাড়া মৌজার জেএল নং ১০৬, খতিয়ান নং এসএ-২, দাগ নং ১৯১, রকম ডাঙ্গা, ৬ দশমিক ৮৮ একর জমির ওপর গত ৬০ বছর ধরে দক্ষিণ রামচন্দ্রপুর শ্মশান ও কালিমন্দিরে পূজা অর্চনা এবং দাহকাজ ও যারা দাহ করতে পারেন না বা করেন না তারা সমাধি দিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের যোগসাজশে কতিপয় ব্যক্তি ওই জায়গা নিজ নামে লিজ নেওয়ার জন্য পাঁয়তারা করছেন।
এরই মধ্যে সেখানে একটি মহল লাঠিসোটাসহ অস্ত্রশস্ত্র নিয়ে দখল নিতে গেলে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাধা দেয়। যার পরিপ্রেক্ষিতে আদালতে একটি মামলা করে রামচন্দ্রপুর শ্মশান ও কালীমন্দির কমিটির সদস্য পরিমল চন্দ্র রায়। যা বিচারাধীন।
জায়গাটি সরকারের দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা আছে ওই জমিতে কোনো পক্ষই যেতে পারবে না। কিন্তু একটা পক্ষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ না মরলেও সমাধি বানিয়ে জমিটা দখলে নেওয়ার চেষ্টা করছে। এজন্য এসিল্যান্ড গিয়ে তাদের বানানো সমাধি ভেঙে দিয়েছে।’
