টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪৮ পিএম

টেকনাফে বৃহস্পতিবার র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আবদুল করিম (৩৮) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের আবদুস সালামের ছেলে।

র‌্যাব-১৫ টেকনাফ ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদে র‌্যাব জানতে পারে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলী এলাকায় মাদক পাচারে জড়িত একদল রোহিঙ্গা ডাকাত অবস্থান নিয়েছে।

এরপর র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। ডাকাতরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আবদুল করিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাব কর্মকর্তা শাহেদ আরও জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, তিন রাউন্ড গুলি, দুই রাউন্ড গুলির খোসা ও দশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। নিহত করিম অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত