শুদ্ধি অভিযানে গ্রেপ্তার যুবলীগ নামধারী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমসহ (জিকে শামীম) অন্যদের ঠিকাদারি কাজে অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের চার নির্বাহী প্রকৌশলীকে গতকাল বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে জানান, গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আবদুল কাদের চৌধুরী ও মো. আফসার উদ্দিনকে। এর আগে গত বুধবার অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকন উদ্দিন, আবদুল মোমেন চৌধুরী ও নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর নির্বাহী প্রকৌশলী ইলিয়াস আহমেদ, ফজলুল হক ও উপসহকারী প্রকৌশলী আলী আকবর সরকারকে জিজ্ঞাসাবাদ করার কথা ২৩ ডিসেম্বর।
সুইডেন আতাউরকে তলব : এদিকে নরসিংদীর আতাউর রহমান ওরফে সুইডেন আতাউরকে আগামী ২৩ ডিসেম্বর তলব করেছে দুদক। গতকাল কমিশনের সহকারী পরিচালক মো. সাদুজ্জামান স্বাক্ষরিত নোটিসে তাকে দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।
