বেসরকারি নির্মাণ খাতেও ইটের ব্যবহার বন্ধ দাবি টিআইবির

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০১:৪৫ এএম

সরকারি প্রকল্পের পাশাপাশি বেসরকারি প্রকল্পেও পরিবেশবান্ধব ব্লক ব্যবহার বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বৃহস্পতিবার টিআইবির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সম্প্রতি বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে শীর্ষে উঠে আসে রাজধানী ঢাকার নাম। ঢাকায় বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে রাজধানীর উপকণ্ঠ ঘিরে গড়া ওঠা ইটভাটার কালো ধোঁয়াকে দায়ী করেন পরিবেশবিদরা। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে গত ২৬ নভেম্বর ঢাকাসহ আশপাশের পাঁচ জেলায় গড়ে ওঠা সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। এর পরিপ্রেক্ষিতে সরকারি প্রকল্পে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার আংশিক বাধ্যতামূলক এবং ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে তা ১০০ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার।
বিজ্ঞপ্তিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশে বায়ুদূষণ যে মাত্রায় পৌঁছেছে তা থেকে দেশের পরিবেশ ও নাগরিকদের সুরক্ষা প্রদানে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের এ সিদ্ধান্ত উৎসাহব্যঞ্জক। তবে এর সুফল কতটুকু পাওয়া যাবে তা নির্ভর করে এই সিদ্ধান্তের কার্যকর প্রয়োগের ওপর। তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রকল্পে ভাটায় পোড়ানো ইটের ব্যবহার কমবে মাত্র ৩০ শতাংশ। যার মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণ কাক্সিক্ষত পর্যায়ে অর্জিত হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত