বাংলাদেশি ক্যানসার রোগীর টাকা ছিনতাইকারী ভারতীয় পুলিশ গ্রেপ্তার

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০৩:৫১ পিএম

চিকিৎসার জন্য ভারতে যাওয়া এক বাংলাদেশির টাকা ছিনতাই করা সেই পুলিশ গ্রেপ্তার হয়েছেন। ২১ নভেম্বর ভোররাতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছিল মৌলালি মোড়ে। অভিযোগ দায়ের হয় ১৬ ডিসেম্বর।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পুলিশকর্মী কলকাতা পুলিশের গাড়ির চালক। তালতলা থানায় কর্মরত ওই অভিযুক্ত চালক বিশ্বনাথ বিশ্বাস।

মোশাররফ হোসেন নামে ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা। তিনি মুম্বাইয়ে গিয়েছিলেন কোলন ক্যানসারের চিকিৎসা করাতে। ২০ নভেম্বর রাতে কলকাতায় ফিরে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে উঠেছিলেন। পরের দিন অর্থাৎ ২১ নভেম্বর ভোরবেলায় তার শিয়ালদহ স্টেশন থেকে গেদে যাওয়ার ট্রেন ধরার কথা ছিল।

কলকাতা পুলিশের কমিশনার অনুজ শর্মা এবং যুগ্ম কমিশনার (অপরাধ) মুরলীধর শর্মাকে ইমেইল করে অভিযোগপত্রে তিনি জানিয়েছিলেন, ওই দিন তার আত্মীয় গোলাম সাকলাইনকে নিয়ে ট্যাক্সিতে শিয়ালদহ যাচ্ছিলেন। মৌলালি মোড়ের কাছে পুলিশের পোশাকে থাকা এক ব্যক্তি তাদের ট্যাক্সি দাঁড় করান। এর পর তাদের পরিচয় জানতে চান।

মোশাররফের অভিযোগ, বাংলাদেশি নাগরিক শুনেই ওই পুলিশকর্মী তাদের পাসপোর্ট এবং সঙ্গে থাকা ২৭ হাজার বাংলাদেশি টাকা কেড়ে নেন।

মোশাররফ বলেন, ‘অনেক অনুনয় বিনয় করার পর ওই পুলিশকর্মী ৭ হাজার টাকা ফেরত দেন। বাকি ২০ হাজার টাকা নিয়ে নেন।’

ওই দিন ভয়ে কোনও অভিযোগ দায়ের করেননি মোশাররফ। পরে ডিসেম্বর মাসের ১৬ তারিখ তারা ইমেইলে অভিযোগ জানান।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ওই ঘটনার তদন্ত শুরু করে। মৌলালিতে ওই দিনের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। ওই দিন মৌলালি মোড়ে কোন কোন পুলিশ কর্মীর ডিউটি ছিল তারও তালিকা তৈরি করা হয়। সেখান থেকেই চিহ্নিত করা হয় তালতলা থানার পুলিশের গাড়ির চালক বিশ্বনাথকে।

পুলিশ সূত্রে খবর, বিশ্বনাথ উত্তর ২৪ পরগনার গোপাল নগরের বাসিন্দা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৬ ধারায় ভয় দেখিয়ে টাকা আদায়ের মামলা করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত