নরসিংদী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক প্রীতিরঞ্জন সাহাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। ঢাকায় আওয়ামী লীগের সম্মেলন শেষে গত শুক্রবার দিবাগত রাত দেড়টায় আমিরগঞ্জ স্টেশন থেকে রায়পুরায় তার বাড়ি রহিমাবাদ যাওয়ার পথে বাড়ির অদূরে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুবৃ©ত্তরা তার ওপর হামলা চালায়।
পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে গর্তের মধ্যে ফেলে রেখে চলে যায়। তার গোঁঙানির শব্দ শুনে এক পথচারী তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেন। খবর পেয়ে স্বজনরা তাকে গুরুতর অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে তাকে জেলা হাসপাতালে ও পরে সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রীতিরঞ্জন সাহা দৈনিক বর্তমান পত্রিকার নরসিংদী প্রতিনিধি।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাথায় ধারালো অস্ত্রের কোপ লাগায় তার অনেক রক্তক্ষরণ হয়। তার সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
