রাজধানীর সদরঘাট এলাকা থেকে চার লাখ ৩০ হাজার টাকাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আরফান সরকার (৪০), খোকন চন্দ্র ধর (৪৫) ও আলমগীর (৪০)।
শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গ্রেপ্তারের বিষয়টি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুর আলম বলেন, সদরঘাট এলাকা থেকে প্রথমে আরফানকে এবং পরে বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, ১৮ ডিসেম্বর বিকেলে কোতোয়ালি থানার প্রসন্ন পোদ্দার লেনে ফল ব্যবসায়ী মো. ওয়াহেদের দুই কর্মচারী ইমতিয়াজ ও সাহাবুদ্দিনকে মারধর ও চোখে গুল দিয়ে ৩১ লাখ ৩৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় ব্যবসায়ী ওয়াহেদ মামলা করেছেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ডাকাত দলে ছয়জন রয়েছে। দোকান কর্মচারী ইমতিয়াজ ও সাহাবুদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের গ্রেপ্তার ও বাকি টাকা উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। খোকন, আরফান ও আলমগীরের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
