ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে গতকাল শনিবার ভোরে সাহজুল ইসলাম সাজু (১৯) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় ঘটনাস্থলে একজনসহ মোট ২২ জনের মৃত্যু হলো। সাজুর বাবার নাম নজরুল ইসলাম। বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরীর বামনডাঙ্গা গ্রামে। কেরানীগঞ্জের আরিমারাবাদে থাকতেন তিনি।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাজুর শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালিও দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি জানান, এই রোগীদের মধ্যে আর দুজন এই ইনস্টিটিউটে ও ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ৮ জন ভর্তি রয়েছেন।
গত ১১ ডিসেম্বর বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার হিজলতলা এলাকায় প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লেগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। ৩১ জনকে পরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
