ভারতীয়দের পরিচয় পত্রে এবার এনআরসির ছায়া!

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১১:০৬ এএম

নাগরিক তালিকা বা এনআরসি নিয়ে ভারত যখন উত্তাল তখন ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার বা এনপিআর নিয়ে নতুন ফাঁদ পাততে যাচ্ছে বিজেপি সরকার। দেশটির গণমাধ্যম জানিয়েছে, এখন থেকে এনপিআর করে ন্যাশনাল আইডেনটিফিকেশন নম্বর (এনআইএন) পেতে হলে বাবা-মায়ের জন্মস্থান কোন দেশে সেটি উল্লেখ করতে হবে।

ভারতের ন্যাশনাল পপুলেশন রেজিস্ট্রার বা এনপিআরে এই নিয়ম আগে ছিল না। বিদেশি খুঁজে বের করতে এটি করা হচ্ছে।

২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে আদমশুমারি এবং এনপিআর পরিমার্জনের কাজ শুরু হবে। চলবে সেপ্টেম্বর পর্যন্ত।

পশ্চিমবঙ্গ এবং কেরালায় ইতিমধ্যে এনপিআর তৈরির প্রস্তুতি-প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। তৃণমূল, সিপিএম নেতৃত্বের অভিযোগ, এনপিআরের ভিত্তিতেই আগামী দিনে গোটা দেশে এনআরসি তৈরি হবে। তাই তারা সেটি এখন করছে না।

ভারতজুড়ে বিক্ষোভের মুখে মোদি সরকার বলছে এনআরসির বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। তবে সরকারি কর্তারা বলছেন, এনপিআরের ভিত্তিতেই ভবিষ্যতে ‘ন্যাশনাল রেজিস্ট্রার অব ইন্ডিয়ান সিটিজেন’ বা সর্বভারতীয় এনআরসি তৈরি হতে পারে। এনপিআরে ভারতের বাসিন্দাদের নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু সেখানে নাগরিকত্ব যাচাই করা হয় না।

২০১১ সালে যখন প্রথমবার এনপিআর তৈরি হয়, তখন ১৫টি বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল। এ বার ২১টি তথ্য চাওয়া হবে। বাবা-মায়ের জন্মের স্থান, তারিখ ছাড়াও শেষ ঠিকানা, পাসপোর্ট, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, মোবাইল নম্বর চাওয়া হতে পারে।

এনপিআর থেকেই যে এনআরসির ভিত তৈরির কাজ শুরু হয়ে যাবে, এই সব তথ্য সংগ্রহ করা থেকে তার ইঙ্গিত মিলছে বলে মনে করছে দেশটির গণমাধ্যম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত