বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ছুরিকাঘাতে সজীব (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। অভিযোগ উঠেছে জমিজমার বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাত করা হয়েছে সজীবকে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুব্রত সরকারসহ ৮জনকে পুলিশ আটক করেছে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
রবিবার সকাল সোয়া নয়টার দিকে উপজেলার নিয়ামতি ইউনিয়নের ছোট পুইয়াউটা গ্রামে এ ঘটনা ঘটে। সজীব ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে ও বাকেরগঞ্জ সরকারি কলেজের ছাত্র।
পুলিশ জানায়, ছোট পুইয়া উটা গ্রামে জমি নিয়ে সজীবের বাবা রাজ্জাকের সঙ্গে সুব্রতর বাবা পরিমল সরকারের বিরোধ চলে আসছিল। রবিবার সকালে বিরোধীয় জমির মাটি কাটছিল সজীব। এ সময় বাঁধা দেয় সুব্রত। এ নিয়ে বাদানুবাদের একপর্যায়ে সুব্রত সজীবকে ছুরিকাঘাত করে। এতে সজীব মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা আহত সজীবকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সজীবের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুব্রত ও তার সহযোগী সহ ৮জনকে আটক করে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনসহ স্থানীয়রা সজীব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই ব্যাপারে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮ জনকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
