চ্যানেল পার্টনারদের মিলনমেলায় সাফওয়ান সোবহান

দেশ ও সমাজ প্রযুক্তিসমৃদ্ধ করবে টগি সার্ভিসেস

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯ পিএম

দেশ ও সমাজকে তথ্যপ্রযুক্তিতে সমৃদ্ধ করতে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা কাজ করছে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টগি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান।

গত বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চ্যানেল পার্টনারদের নিয়ে টগি সার্ভিসেস আয়োজিত ‘চেঞ্জ দ্য গেম ভিশন-২০২০’ শিরোনামের অনুষ্ঠানে সিআইপি পাওয়া সাফওয়ান সোবহান এ কথা বলেন। তিনি বলেন, ‘চেঞ্জ দ্য গেম ভিশন-২০২০ উদ্যোগের মাধ্যমে টগি সার্ভিসেস চ্যানেল পার্টনারদের সহযোগিতায় বিশ্বখ্যাত ব্র্যান্ডের কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজ বিপণন করে থাকে। আমরা এ উদ্যোগকে আগামীর পথে নিয়ে যেতে চাই।’ তিনি আরও বলেন, ‘টগি সার্ভিস বিশ্বাস করে, কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজের ব্যবসা কেবলই আয়ের জন্য নয়, দেশের ডিজিটাল রূপান্তরেও এর ভূমিকা থাকবে। আমরা আমাদের সুদক্ষ সার্ভিস টিমের মাধ্যমে কম্পিউটার ও আইটি অ্যাকসেসরিজ ব্যবসার ধরন পাল্টে দিতে চাই। বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ড ও নির্ভরযোগ্য ওয়ারেন্টি সার্ভিসের মাধ্যমে এবং পার্টনারদের সহযোগিতায় সর্বশেষ ধাপের গ্রাহকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে চায় টগি সার্ভিসেস।’

অনুষ্ঠানে টগি সার্ভিসেসের চিফ অপারেটিং অফিসার আবু তৈয়ব বলেন, ‘আইটি শিল্প নিয়ে স্বপ্ন বাস্তবায়ন হলে আমাদের দৈনন্দিন জীবন তথা সামাজিক উন্নয়নে বিশেষ পরিবর্তন ও গতি আসবে।’

টগি সার্ভিসেস লিমিটেড অ্যান্ড ইউজার কম্পিউটিং অ্যান্ড প্রিন্টিং বিভাগের হেড অব বিজনেস এ এস মোহাম্মদ মোস্তফা মনোয়ার সাগর বলেন, ‘আমাদের আমদানি করা আইটি হার্ডওয়্যার সারা দেশে পৌঁছে দিতে প্রতিটি জেলা ও উপজেলায় পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। আমরা পারস্পরিক সহযোগিতা ও ব্যবসায়িক সম্পর্কে বিশেষ গুরুত্ব দিচ্ছি।’

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো. সাহিদ-উল মুনির, সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক প্রকৌশলী সুব্রত সরকার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত