ভারতের ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপি এবং বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।
সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটের ফলাফল প্রকাশ শুরু হয়েছে।
এখন সবার নজর রঘুবর দাসের নেতৃত্বে ঝাড়খণ্ডের ক্ষমতায় বিজেপি ফের আসছে নাকি হেমন্ত সোরেনের নেতৃত্বে বিরোধী দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং তার জোট শরিক কংগ্রেস ও আরজেডির সঙ্গে মিলে সরকার গড়তে চলেছে।
এনডিটিভির খবর অনুযায়ী, মোট ৮১ আসনের মধ্যে কংগ্রেস জোট ৩৩টি আসনে এগিয়ে আছে। বিজেপিও এগিয়ে আছে ৩৩টি আসনে। বিজেপি জোট থেকে বেরিয়ে আসা ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা আজসু পেয়েছে ৯টি আসন। সরকার গঠনে দরকার ৪১ আসনের ম্যাজিক ফিগার।
এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং নাগরিক তালিকা (এনআরসি) বিরোধী তুমুল প্রতিবাদের মধ্যেই এই নির্বাচনকে ভিন্ন দৃষ্টিতে দেখা হচ্ছে।
এছাড়া এবার ঝাড়খণ্ডে বিজেপি একা লড়েছে। দলেরই অনেক নেতা রঘুবরকে পছন্দ করেন না। এর প্রভাব পড়তে পারে ভোটে। বেশ কয়েকজন বিজেপি নেতা মনোনয়ন না পাওয়ায় অসন্তোষও রয়েছে দলে।
গত ৩০ নভেম্বর থেকে পাঁচ দফায় ভোটগ্রহণ হয়েছে আদিবাসী অধ্যুষিত এই রাজ্যে। মাওবাদীদের হুমকির মধ্যেই ভোট শেষ হয় ২০ ডিসেম্বর।
