নদ-নদী, খাল ও জলাশয় উদ্ধারে সারা দেশে একযোগে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে দেশের অধিকাংশ জেলায় এ অভিযান চলে। এ সময় অসংখ্য অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর–
কুমিল্লা : গোমতী নদীর দুই তীরে গড়ে ওঠা ১৩৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নদী দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গাজীপুর : টঙ্গীর তুরাগ তীরে দুই শতাধিক অবৈধ দোকানপাট ও একটি প্যাকেজিং কারখানার অংশবিশেষ গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
নরসিংদী : পুরনো ব্রহ্মপুত্র নদের অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন, পাউবো ও জেলা নদী রক্ষা কমিটি যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।
ফরিদপুর : শহরের আলিমুজ্জামান ব্রিজের নিচে কুমার নদের পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভা যৌথভাবে এ অভিযান চালায়।
শরীয়তপুর : শরীয়তপুর পৌরসভার বটতলার খালের ওপর অবৈধভাবে নির্মিত ৭৭ দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। উচ্ছেদ হওয়া ব্যক্তিদের দাবি, তাদের এ জায়গা জেলা পরিষদই বরাদ্দ দিয়েছে।
মাদারীপুর : মাদারীপুরে প্রায় ৫০ বছর আগে দখল হওয়া রাস্তিখাল উদ্ধারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। কাঠপট্টি ব্রিজ থেকে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রমথ রঞ্জন ঘটক ও পাউবোর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা।
লক্ষ্মীপুর : রাস্তার পাশে সরকারি খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। জকসিন উত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় পাকা-আধা পাকা প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
চাঁদপুর : শহরের পানি উন্নয়ন বোর্ডসংলগ্ন লেকের পাশে এবং ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর সেচ প্রকল্পের বেড়িবাধসংলগ্ন বোরপিট খালে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় ২৪২টি স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়।
পঞ্চগড় : সরকারের ঘোষণা অনুযায়ী গতকাল শহরের তুলারডাঙ্গা এলাকায় করতোয়া নদী দখলমুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন। এ সময় ৯৬ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
পাবনা : ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদে শহরের পুরনো ব্রিজ এলাকা থেকে শুরু হয় পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের যৌথ অভিযান। তিন ঘণ্টাব্যাপী অভিযানে দ্বিতল ও তিনতলা ভবনসহ ৮০টি অবকাঠামো ভেঙে উদ্ধার করা হয় প্রায় ৫ একর সরকারি সম্পত্তি।
মেহেরপুর : ভৈরব নদের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। সদর উপজেলার গোভিপুর ঘাট থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় বহু দোকানপাট ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
বাগেরহাট : শহরের ভৈরব নদের তীর দখল করে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে পাউবো ও জেলা প্রশাসন। এ ছাড়া চিতলমারী উপজেলার মধুমতী নদীর তীরে গড়ে ওঠা ২০টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম ও জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান খান উপস্থিত ছিলেন।
নড়াইল : লোহাগড়া উপজেলার জয়পুর ছাত্রা খালের সুস্নইসগেট এলাকায় পাউবোর জায়গায় গড়ে ওঠা ৩৬টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় ২ একর ৩৩ শতক জমি উদ্ধার করা হয়।
ঝালকাঠি : সদর উপজেলার বাউকাঠি থেকে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জেলা প্রশাসন ও পাউবো এ অভিযান চালায়।
ভোলা : সদর উপজেলার ঘুইংগারহাট খালের দুপাশ থেকে ২৫টি ছোট-বড় পাকা ও আধা পাকা ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও জেলা প্রশাসন।
পটুয়াখালী : বহালগাছিয়া নদীর হেতালিয়া বাঁধঘাট পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় ২৮টি স্থাপনা উচ্ছেদ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশীদ এ অভিযান পরিচালনা করেন।
শেরপুর : নকলার সুতীখালী নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও পাউবো। এ সময় এক্সকাভেটর দিয়ে নদীর তীরের অবৈধ বাগান ও স্থাপনা ভেঙে দেওয়া হয়।
দিনাজপুর : ঐতিহ্যবাহী ঘাঘড়া খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পাউবো। একই সঙ্গে খালটি পুনঃখনন কার্যক্রমও শুরু করেছে কর্তৃপক্ষ।
নীলফামারী : সৈয়দপুরে দখলে থাকা ২২ কিলোমিটার দৈর্ঘ্য জমিদার পচানালা খাল উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে পাউবো। প্রথম দিন গোলাহাট নামক স্থানে খালের দুই ধারে প্রায় ৪০ শতাংশ জমির ওপর স্থাপিত অবৈধ দোকানপাট, বসতবাড়িসহ একটি স্কুল উচ্ছেদ করা হয়।
মাগুরা : শ্রীপুর উপজেলার জিকে প্রকল্পের সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ ও উচ্ছেদ অভিযান শুরু করেছে পাউবো ও জেলা প্রশাসন। দিনব্যাপী অভিযানে প্রায় ৫ কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নেত্রকোনা : পৌর শহরের মগড়া নদীর দখল উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পৌর এলাকার প্রায় ছয় কিলোমিটার নদীর উভয় পাড়ে ২২৭টির মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
নাটোর : জেলার ৩টি নদ-নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ শহরের হেমাঙ্গিনি ব্রিজ এলাকা থেকে এ কার্যক্রম শুরু করেন।
সুনামগঞ্জ : নদী ও খালের তীরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পাউবো পৌর শহরের বড়পাড়া এলাকায় সুরমা নদীর তীরে অভিযান শুরু করে। এ সময় ১১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
ফেনী : সদর উপজেলার কাজীরবাগ ও মালীপুর মৌজায় কুমাড়িয়া (আই-আর ১৮ সি) খালের পাড়ে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
কুষ্টিয়া : জেলা প্রশাসনের উদ্যোগে পাউবোর সেচ খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে জিকে মেইন খালের ওপরের ৭০ স্থাপনা উচ্ছেদ করা হয়।
