‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক, র‌্যাবের দাবি মাদক ব্যবসায়ী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬ পিএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রুবেল (২২) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে টেকনাফ সদরের বড় হাবিরছড়া নতুন মেরিন ড্রাইভ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী রুবেল টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জুম্মাপাড়া এলাকার মো. সিদ্দিকের ছেলে।

র‌্যাবের দাবি, নিহত রুবেল মাদক ও অস্ত্র ব্যবসায়ী। এ ছাড়া তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন।

ঘটনাস্থল থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ১০ হাজার পিস ইয়াবা, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও বন্দুকের দুইটি খালি খোসা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব- ১৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব জানান, মঙ্গলবার ভোরে ওই এলাকা দিয়ে মাদক ও ইয়াবার একটি বড় চালান আসার সংবাদে র‌্যাব-১৫ এর একটি টহল দল সেখানে যায়।

এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ৪/৫ জন মাদক ব্যবসায়ী গুলি করতে করতে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে র‌্যাব। পরে তাকে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত