কামারখন্দে এক সঙ্গে তিন শিশুর জন্ম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৪০ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় রফিকুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুনের (২০) কোল আলো করে এক সঙ্গে তিন শিশুর জন্ম হয়েছে। এর মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের ইটভাটা শ্রমিক রফিকুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুন। সোমবার রাতে সদানন্দপুরে একটি বেসরকারি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে ওই ৩ শিশুর জন্ম হয়।

সেলিনা খাতুনের স্বামী মো. রফিকুল ইসলাম জানান, আগে থেকে কোন ধরনের প্রস্তুতি ছিল না। সোমবার দুপুরে হঠাৎ আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। ফলে এ ক্লিনিকে নিয়ে আসি।

তিনি আরও বলেন, আমি গরিব ইটভাটার শ্রমিক। কোন রকমে সংসার চালাই। আমার আরও একটি ১২ বছরের ছেলে রয়েছে। তাকে কষ্ট করে মাদ্রাসায় পড়তে দিয়েছি। এখন এই শীতের মধ্যে আমার স্ত্রী এক সঙ্গে তিন সন্তানের জন্ম দেওয়ায় আমি খুশি। কিন্তু দুঃখের বিষয় আমার পক্ষে এই ৩ সন্তান লালন পালন কষ্টকর।

ডা. কমল কান্তি দাস জানান, প্রসূতি মা ও তার তিনটি বাচ্চাই সুস্থ আছেন। তবে তিনটি বাচ্চা এক সঙ্গে গর্ভে থাকার কারণে স্বাভাবিকের চেয়ে তাদের ওজন অনেক কম। তাই এদের বিশেষ কেয়ারে রাখতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত