জেএসসি-জেডিসি ও পিইসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:০০ এএম

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার। এদিন আনুষ্ঠানিকতার পর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। গতকাল মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘একই দিনে এই দুটি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, গত ২ নভেম্বর শুরু হওয়া জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। এর মধ্যে ছাত্র ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন। এরমধ্যে জেএসসি পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং জেডিসি পরীক্ষায় অংশ নেয় ৪ লাখ ২ হাজার ৯৯০ জন। জেএসসিতে অনিয়মিত পরীক্ষার্থী ২ লাখ ৩৩ হাজার ৩১০ জন এবং জেডিসি পরীক্ষায় ৩০ হাজার ২৯১ জন অনিয়মিত পরীক্ষার্থী। বিদেশের ৯টি কেন্দ্রে ৪৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ১৭ নভেম্বর শুরু হওয়া প্রাথমিকের এই পরীক্ষায় মোট ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন পরীক্ষার্থী ছিল। সারা দেশে ৭ হাজার ৪৭০টি এবং দেশের বাইরে ৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট শিক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন এবং ছাত্রী ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ জন এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬১৫ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত