মানুষ যত গরিব বা পাপীই হোক না কেন তাতে ঈশ্বরের অসীম ভালোবাসায় কোনো কমতি হয়। মানুষ ভুল চিন্তা করতে পারে। সবকিছু গুবলেট করে ফেলতে পারে। কিন্তু ঈশ্বরের ভালোবাসার কোনো কমতি হয় না। সবচেয়ে খারাপ মানুষটিও তার ভালোবাসা পায়। রোমান ক্যাথলিক খিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মঙ্গলবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় সমবেত হাজার হাজার মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে বলেন এ সব কথা।
বড়দিনের আগমনে মানুষের মাঝে ঈশ্বরের স্বর্গীয় ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়ে পোপ সে সময় গির্জায় শিশু যৌন নিপীড়ন ও কেলেঙ্কারি বা গির্জায় ত্রুটিপূর্ণ কোনো কাজের মধ্য দিয়ে ঈশ্বরের স্বর্গীয় ভালোবাসার ছায়া থেকে কাউকে দূরে সরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। পোপ বলেন, আমরা প্রায়ই ভাবি ভালো কাজ করলে ঈশ্বর আমাদের ভালো করবেন, আর খারাপ করলে তিনি আমাদের সাজা দেবেন। কিন্তু ঈশ্বর আসলে এমন নন। সুনির্দিষ্টভাবে কিছু না বললেও চার্চের যৌন নিপীড়ন কেলেঙ্কারি ও আর্থিক অনিয়মের সাম্প্রতিক সমস্যাগুলোর কথা পোপ তার ভাষণে উল্লেখ করে বলেছেন, আসুন, আমরা ঈশ্বরের কথা মাথায় রেখে তার ধ্যানে মগ্ন হয়ে ঐশ্বরিক সেই অপার ভালোবাসার ছায়াতলে নিজেদের সমর্পণ করি।
বড়দিন পালনকালে প্রথা অনুযায়ী বিশ্বকে বার্তা দিতে পোপ গতকাল বুধবার আবারও সেন্ট পিটার্স বাসিলিকায় উপস্থিত হন। পোপের এই বার্ষিক ‘উরবি এট অরবি’ (শহর ও বিশ্বের প্রতি) ভাষণ শুনতে হাজার হাজার অনুসারী বাসিলিকা গির্জায় জড়ো হয়।
