‘মরে গেলেও’ বাবার জন্মদিন বলবেন না মমতা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০৪:১৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মরে গেলেও তার বাবার জন্মদিন কবে সেটা জানাবেন না বলে মন্তব্য করেছেন।

দেশটিতে বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বৃহস্পতিবার পঞ্চমবারের মতো পথে নেমে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

ভারতের সংবাদমাধ্যম জানায়, কলকাতার রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত এক শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন মমতা। মল্লিকবাজারে আয়োজিত সমাবেশে মমতা বলেন, ‘ওরা (বিজেপি) একেক সময় একেক কথা বলছে। সকালে এক কথা, রাতে আরেক। ওদের ফাঁদে কেউ পা দেবেন না।’

সম্প্রতি নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে তৃণমূলের এক প্রতিনিধিদল লখনৌ পাঠান মমতা। কিন্তু তাদের বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হয়নি।

এর প্রতিবাদে মমতা বলেন, ‘১৪৪ ধারা থাকলে ৪ জন ঢোকা যায়, তৃণমূলের কাউকে ঢুকতে দেয়নি। ওরা কি আমায় আইন শেখাচ্ছে? মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।’ 

এনআরসি বা এনপিআর যে তিনি করবেন না তা স্পষ্ট করে বলেন, ‘আমার বাবার জন্মদিন কবে? আমাকে মেরে ফেললেও আমি বলব না।’

ছাত্রদের উদ্দেশে মমতা বলেন, জামিয়া মিলিয়া থেকে শুরু করে দেশের সব ছাত্রদের পাশে আমরা রয়েছি। আন্দোলনের ধার যেন কম না হয়।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতায় এ নিয়ে পঞ্চম পদযাত্রা করলেন তৃণমূল নেত্রী। মিছিলের আগে সভা থেকে কর্নাটকে নিহত দুই ব্যক্তির পরিবারের পাশে থাকবেন বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত