এবার পদত্যাগের হুমকি ইরাকি প্রেসিডেন্টের

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ এএম

ইরানপন্থী আসাদ আল-ইদানিকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ায় পদত্যাগের হুমকি দিয়েছেন ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ। ইদানিকে প্রধানমন্ত্রী পদে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

ইরাকি প্রেসিডেন্ট বলেন, বিক্ষোভকারীরা প্রত্যাখ্যান করবে এমন কাউকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার চেয়ে তিনি পদত্যাগ করবেন।

আলজাজিরা জানায়, ইরাকি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ইরান সমর্থিত ‘বিনা’ ব্লক বসরার গভর্নর আসাদ আল-ইদানিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করে।

কিন্তু প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, ইদানির নিয়োগ অরাজনৈতিক স্বতন্ত্র কাউকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের শান্ত করবে না।

সালিহ বলেন, যেহেতু প্রধানমন্ত্রী পদে মনোনীত কাউকে প্রত্যাখ্যান করার অধিকার সংবিধান তাকে দেননি, তাই তিনি পার্লামেন্টে নিজের পদত্যাগপত্র জমা দিতে প্রস্তুত।

ইরাকের সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেবে। রাষ্ট্রপতি ওই মনোনয়ন অনুমোদন করবেন।

প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় দুই দফা এ পদে নিয়োগের সময়সীমা পার হয়ে যায়।

বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে ইরাকের চলমান রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে গত মাসে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি। অবশ্য নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত অন্তর্বর্তী দায়িত্বে আছেন তিনি।

বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারি পরিষেবা নিশ্চিতের দাবিতে এই বিক্ষোভে নিহত হয়েছে পাঁচ শতাধিক। ইরানের প্রভাব কমাতে সরকারের ক্ষমতা কাঠামো পরিবর্তনেরও দাবি করে আসছে বিক্ষোভকারীরা।

বিক্ষোভ চলাকালে সংসদ সদস্যদের বাসভবন এবং দেশটিতে ইরানের একাধিক কনস্যুলেটসহ বিভিন্ন সরকারি বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত