কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত লরির মুখোমুখি সংঘর্ষে জিন্নাত খান (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে সদর উপজেলার কামালিয়াচর এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলাকাবাসী জানায়, সকালে কিশোরগঞ্জ আন্তঃজেলার গাইটাল বাসস্ট্যান্ড হতে যাতায়াত নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
পথে সদর উপজেলার কামালিয়াচর নামক এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিন্নাত খান ঘটনাস্থলেই মারা যান।
এ সময় বাসে থাকা আরও ২০ যাত্রী আহত হয়। আহতদের কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বাক্কার সিদ্দিক জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
