বিশ্বের অন্যতম শীর্ষ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর গুলশানের আজাদ মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন, অর্থনীতিবিদ রেহমান সোবহান, আইনবিদ ড. কামাল হোসেন, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ, ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুসহ ফজলে হাসান আবেদের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
তার স্মৃতিচারণ করে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ফজলে হাসান আবেদ দেশে-বিদেশে এত যশ, সম্মান, স্বীকৃতি-পুরস্কার পেয়েও অত্যন্ত বিনয়ী ছিলেন। তার বড় অবদান হচ্ছে একটি জনহিতকর প্রতিষ্ঠান চালু করার পর সেটাকে এগিয়ে নিতে আরও কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তোলা। তার গড়া প্রতিটি প্রতিষ্ঠানই জনকল্যাণে নিবেদিত।’
পররাষ্ট্রমন্ত্রী এমএ মোমেন বলেন, ‘তার প্রয়াণ বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। অবহেলিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও স্বাবলম্বিতা অর্জনের ক্ষেত্রে বিশ্বব্যাপী তার যে অবদান, তাই তাকে চিরস্মরণীয় করে রাখবে।’
পরিবারের পক্ষে স্যার আবেদের জামাতা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘স্যার ফজলে সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন। পরিবারের সদস্য বা সহকর্মী সবার ইচ্ছা-অনিচ্ছা, ব্যক্তিসমস্যাকেও তিনি গুরুত্ব দিতেন, সমাধানের চেষ্টা করতেন। দেশের বাইরে গেলে অনেক ব্যস্ততার মাঝেও পরিচিতজনদের সাক্ষাতের জন্য সময় বের করে নিতেন। বক্তৃতা বা নীতিবাক্য দিয়ে নয়, কাজের মাধ্যমে দৃষ্টান্ত তুলে ধরে তিনি সবাইকে সঠিক পথটি দেখাতেন। ’
