সোমালিয়ায় ভয়াবহ গাড়ি বোমা হামলায় বহু হতাহত

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:২২ পিএম

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়ি বোমা হামলা বহু হতাহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০-৯০ জন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার সকালে ব্যস্ততম সময়ে রাজধানী মোগাদিসুর একটি ট্যাক্স কালেকশন সেন্টারে এ হামলা হয় বলে জানিয়েছে আলজাজিরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। হতাহতদের মধ্যে বাসযাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীও রয়েছেন।

হতাহতের পরিসংখ্যান নিয়ে পরস্পর বিরোধী তথ্য পাওয়া যাচ্ছে। মোগাদিসু শহরের উপদেষ্টা হোদান আলি বলেন, নিহতের সংখ্যা ‘৯০ জনের বেশি’।

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদিরহমান বলেন, হামলায় ৬১ জন নিহত হয়েছেন।

বিবিসি জানায়, সোমালি এমপি ও সাবেক নিরাপত্তা মন্ত্রী মোহাম্মাদ আবদিরাজাক নিহতের সংখ্যা ৯০ জন বলে জানিয়েছেন। তবে এই সংখ্যাটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তাৎক্ষণিক এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। অবশ্য জঙ্গি সংগঠন আল-শাবাব প্রায়শই এ ধরনের হামলা চালিয়ে থাকে। গত ২০১১ সালে তাদেরকে রাজধানী মোগাদিসু থেকে বিতাড়িত করা হলেও দেশটির কিছু অংশ এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত