জাপা নেতা জয়নাল চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০৭:০৫ পিএম

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য দাবিদার জয়নাল আবেদীন ওরফে আল জয়নালকে (৫৫) আবার গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ একটি চাঁদাবাজি মামলায় শহরের টানবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আল জয়নালের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান।

তিনি দেশ রূপান্তরকে বলেন, জুবায়ের নামে এক ব্যক্তি শুক্রবার রাতে জয়নালের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই দেশ রূপান্তরকে বলেন, তার বিরুদ্ধে জুবায়ের নামে এক ব্যক্তি ৫০ লাখ টাকা চাঁদাবাজির একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে জয়নালকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৪ এপ্রিল সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ আল জয়নালকে গ্রেপ্তার করে। স্বর্ণ ব্যবসায়ী ফারুকের কাছে ২২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থানায় ঢুকে পুলিশকে গুলি করার অভিযোগ ছিল আল জয়নালের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করলেও পরদিন তাকে থেকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া হাসান ফেরদৌস জুয়েলের দায়ের করা একটি মামলায় ২০১৫ সালের ৫ মার্চ জয়নালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অপরদিকে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে জামায়াত ও শিবিরকে পৃষ্ঠপোষকতার অভিযোগে সদর মডেল থানায় জয়নালের বিরুদ্ধে মামলা হয়েছিল। ২০১২ সালের ১ নভেম্বর জয়নালের বিরুদ্ধে তৎকালীন সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের একটি জিডি করেছিলেন।

উল্লেখ্য গ্রেপ্তার জয়নাল আবেদীন ওরফে আল জয়নাল বিগত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন চেয়ে ব্যাপক পোস্টারিং করে আলোচনায় আসেন। এরপর থেকে তিনি নিজেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে প্রচার করে আসছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত