রাজধানীর বাড্ডা এলাকায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক মারা গেছেন।
র্যাব বলছে, গত শুক্রবার রাত পৌনে ১টার দিকে বাড্ডার সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি মিয়া (৩২) চিহ্নিত মাদক কারবারি।
র্যাব ১-এর এএসপি কামরুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, সাতারকুল এলাকায় একদল মাদক বিক্রেতার অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি ছুড়তে শুরু করলে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে এক যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, দুটি শটগান ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিকভাবে রনির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলার তথ্য পাওয়া গেছে, আরও মামলা থাকতে পারে।
