র‌্যাব পরিচয়ে অপহরণ চেষ্টা পুলিশ দেখে পালাল দুর্বৃত্তরা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০১:৩৯ এএম

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় র‌্যাবের জ্যাকেট পরে মাহমুদুল হাসান (২২) নামের এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার সময় পুলিশ এগিয়ে এলে পালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার দুপুরে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। এতে যাত্রাবাড়ী থানায় ছিনতাই ও অপহরণ চেষ্টার লিখিত অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।

এ বিষয়ে মাহমুদুল বলেন, বেলা ১১টার দিকে রাজধানীর খিলক্ষেত থেকে যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশে আমি অনাবিল বাসে উঠি। বাসটি শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে এলে র‌্যাবের জ্যাকেট পরা ৫-৬ জন লোক অস্ত্র দেখিয়ে আমাকে মারতে মারতে বাস থেকে নামায়। আমার কাছে থাকা নগদ তিন লাখ টাকা ও ৯০ হাজার টাকা মূল্যের দুটি ফোন ছিনিয়ে নেয় তারা। পরে আমার মুখ চেপে ধরে জোর করে তাদের এক্স করলা গাড়িতে ওঠানোর চেষ্টা করে। আমার চিৎকারে প্রথমে এক মোটরসাইকেল চালক তাদের গতিরোধ করে। পরে ওই স্থানে ট্রাফিকের দায়িত্বে থাকা কনস্টেবল মকবুল হোসেন এগিয়ে এলে র‌্যাবের জ্যাকেট ও প্রাইভেট কার ফেলেই পালিয়ে যায় তারা।’

তিনি জানান, একটি জমিতে ভবন নির্মাণের জন্য ডেভেলপার কোম্পানিকে টাকা দেওয়ার জন্য যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘র‌্যাব পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পেয়েছি। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত