সিলেটে শফিউল আলম নাদেলকে সংবর্ধনা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২৮ পিএম

আওয়ামী লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কন্যা, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। জননেত্রীর এই কর্মসূচি বাস্তবায়নে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মী ও সমর্থককে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

শফিউল আলম নাদেল তাকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জননেত্রীর প্রতিটি নির্দেশ অক্ষরে-অক্ষরে পালন করব। তার কর্মসূচি বাস্তবায়নে ভ্যানগার্ড হিসাবে কাজ করব। সবাইকে সঙ্গে নিয়ে সিলেট বিভাগে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করব।

শফিউল আলম চৌধুরী নাদেল রবিবার দুপুরে ঢাকা থেকে সিলেট এসে পৌঁছলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেওয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন।

বিমানবন্দরে জাতীয় সংসদ সদস্য, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী তাকে স্বাগত জানান। পরে মোটর শোভাযাত্রা সহকারে তাকে সিলেট নগরীতে নিয়ে আসা হয়।

নগরে পৌঁছে প্রথমেই তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে কাজ করতে হবে।

তিনি শহীদ মিনারে দাঁড়িয়ে শপথ ঘোষণা করে বলেন, ‘জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে স্কুলছাত্র থাকাকালেই আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। এরপর আমার সৌভাগ্য হয়েছিল পর্যায়ক্রমে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালনের। পরবর্তীতে সিলেট মহানগর আওয়ামী লীগে শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি। এখন জননেত্রী শেখ হাসিনা আমাকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক করেছেন। এতে আমি কৃতজ্ঞ, অভিভূত ও উজ্জীবিত।    

আজ আমি আবারও দৃঢ় চিত্তে অঙ্গীকার করছি, আজীবন বঙ্গবন্ধুকন্যা, জননেত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বস্ত থেকে কাজ করে যাব।’

তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেক নেতা–কর্মীকেই নেত্রীর প্রতি বিশ্বস্ত থেকে কাজ করে যেতে হবে।

শফিউল আলম নাদেলকে বিমানবন্দরে সংবর্ধনা প্রদান এবং পরবর্তী কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আশফাক আহমদ, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি হুরায়রা ইফতার হোসেন, আবদুল জব্বার জলিল, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ইলিয়াছুর রহমান ইলিয়াছ, তৌফিক বক্স লিপন, এ কে এম লায়েক, সাইফুল আলম বাকের, রকিবুল ইসলাম ঝলক, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মনির, মুক্তাদীর আহমদ মুক্তা, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, আবদুল বাছিত রুম্মান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত