খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে এস এম নজরুল ইসলাম সভাপতি ও মামুন রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল রবিবার বিকেলে এ ফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খুলনা আঞ্চলিক তথ্য কার্যালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল।
ম. জাবেদ ইকবাল জানান, ৫৫ ভোট পেয়ে নজরুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী মোস্তফা সরোয়ার পেয়েছেন ৫৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মামুন রেজা ৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছেন ৩৫ ভোট। নির্বাচনে ১১৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
