বাণিজ্যমেলায় ট্রাফিক নির্দেশনা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৪৮ এএম

রাজধানীর শেরেবাংলা নগরে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এ উপলক্ষে গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এতে বলা হয়, বাণিজ্যমেলায় দর্শনার্থীদের সঠিক পথে গমনাগমন, সুশৃঙ্খল যানবাহন পার্কিং, বাহিরসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। এগুলো হলো

যানবাহন পার্কিং : ১নং পার্কিং (মেলার ভিআইপি গেট থেকে প্রধান গেট পর্যন্ত খালি জায়গা), ২নং পার্কিং (মেলার ২নং গেটসংলগ্ন খালি জায়গা), ৩নং পার্কিং (র‌্যাব-২ অফিসের বিপরীত কলোনি মাঠ), ৪নং পার্কিং (র‌্যাব-২ অফিসের উত্তর পাশে সরকারি কলোনি মাঠ), ৫নং পার্কিং (জি টাইপ কলোনি মাঠ) এবং মোটরসাইকেল পার্কিং (বিআইসিসির পশ্চিম পাশের ফাঁকা জায়গা, মেলার ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে ও পিডব্লিউডি অফিসের ভেতরের ফাঁকা জায়গা)।

মেলায় প্রবেশপথ : ধানমণ্ডি-নিউমার্কেট থেকে মিরপুর রোড ব্যবহারকারীরা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা অথবা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ, নতুন সড়ক ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করতে পারবে। ব্যবহার করতে হবে ২নং পার্কিং। গাবতলী, মোহাম্মদপুর থেকে আগতদের শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিঙ্ক রোড ধরে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে প্রবেশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র‌্যাব-২ অফিসের বিপরীতে সরকারি কলোনি মাঠে (৩নং পার্কিং) পার্কিং শেষে মেলায় প্রবেশ করতে হবে। পল্লবী, কাজীপাড়া, শেওড়াপাড়া ও এর আশপাশের এলাকা থেকে আগতরা আগারগাঁও লাইট ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিঙ্ক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে র‌্যাব-২ অফিসের বিপরীত কলোনি মাঠের (৩নং পার্কিং) পাশের মাঠের নির্ধারিত স্থানে (৪ ও ৫নং পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে হবে।

উড়োজাহাজ ক্রসিং হয়ে আগতদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও পরিকল্পনা কমিশনের মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করতে হবে এবং ১নং পার্কিং ব্যবহার করতে হবে। মোটরসাইকেলে এলে, তাদের বিআইসিসির পশ্চিম পাশের ফাঁকা জায়গা, ট্রাফিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে ও পিডব্লিউডি অফিসের ভেতরে ফাঁকা জায়গায় পার্ক করে প্রবেশ করতে হবে। প্রত্যেক ক্ষেত্রে নির্দিষ্ট পার্কিং ফি দিতে হবে।

মেলা থেকে বের হতে : ১নং পার্কিং থেকে বের হওয়ার জন্য পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরেবাংলা নগর শিক্ষা প্রকৌশল ভবনের ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণিতে প্রবেশ করতে হবে। ২নং পার্কিং থেকে গণভবন স্কুল ক্রসিং হয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক দিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশের মিরপুর রোডে প্রবেশ করতে হবে। ৩, ৪ ও ৫নং পার্কিং থেকে বের হওয়ার সময় শ্যামলী-আগারগাঁও লিঙ্ক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণি উভয় রাস্তায় প্রবেশ করতে পারবে।

ছুটির দিন : মেলা চলাকালীন সরকারি ছুটির দিনে খামারবাড়ি থেকে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিকশা, ভ্যান, ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যান চলাচল বন্ধ থাকবে। শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনে আগারগাঁও (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। তাদের আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করতে হবে।

রোড ডাইভারশন : বাণিজ্যমেলা চলাকালীন ওই এলাকায় বসবাসকারী, সরকারি-বেসরকারি দপ্তরে আগত গাড়ি ও শুধু মেলায় প্রবেশকারী গাড়ি ব্যতীত অন্যান্য ব্যক্তিকে নিম্নলিখিত সড়ক ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ডিএমপি। গণভবন স্কুল ক্রসিং থেকে শুধু মেলায় আগত গাড়ি বিআইসিসি ক্রসিং অভিমুখে চলতে পারবে। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক (পশ্চিম মাথা) ও সোহরাওয়ার্দী  হাসপাতাল কলেজ গেট থেকে গণভবন স্কুল হয়ে পিডব্লিউডি ক্রসিং হয়ে বিআইসিসি পর্যন্ত। শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট থেকে শিক্ষা প্রকৌশল ক্রসিং হয়ে প্যারেড স্কয়ার রোকেয়া সরণি ক্রসিং (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ) পর্যন্ত চলতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত