রাতে ভোট চুরি করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। অবৈধভাবে ক্ষমতায় এসে তারা পরিকল্পিতভাবে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে।
বরিশালে অনুষ্ঠিত বিএনপির গণতন্ত্র হত্যা ও কালো দিবস উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি বিএনপি’র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
সোমবার দুপুর ১২টায় গণতন্ত্র হত্যা ও কালো দিবস উপলক্ষে নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপি আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর সভাপতি বিএনপি’র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, দিনের বেলায় ভোট চুরি করলে জনগণ প্রতিহত করতে পারে ভেবে তারা রাতের আঁধারে প্রশাসনের সহযোগিতায় ভোট চুরি করে নিয়েছে। সুকৌশলে গত বছর ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ ডিসেম্বর রাতে চুরে করে নিয়েছে। ইউনিয়ন, উপজেলায়ও ভোট হয়নি। এ কথা নির্বাচন কমিশনও বলছে।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সহসাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর বিএনপির জ্যেষ্ঠ নেতা অ্যাডভোকেট আলী হয়দার বাবুল, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সহসভাপতি আনোয়ার হোসেন লাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুল আহসান রতন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ।
এর আগে বেলা ১১টায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে প্রতিবাদ সমাবেশ করে বরিশাল জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু, সহসভাপতি আলহাজ্ব নুরুল আমিন, জেলা যুবদল সভাপতি অ্যাড, পারভেজ আকন বিপ্লব, সদর যুবদল সভাপতি কবির হোসেন, বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু প্রমুখ।
