ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:০০ পিএম

ইরাক ও সিরিয়ায় হিজবুল্লাহর সশস্ত্র শাখা কাতাইবের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় যুক্তরাষ্ট্রের একজন ঠিকাদার নিহত হওয়ার দুদিনের মাথায় গত রবিবার ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে আলজাজিরা।

ইরাকে বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে কাতাইবের চারজন কমান্ডার রয়েছে। সিরিয়ার আল-কাইম জেলায় কাতাইবের পশ্চিমাঞ্চলীয় সদর দপ্তরেও বিমান হামলা চালানো হয়। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র জোনাথন হফম্যান বলেন, ‘ইরাকের ঘাঁটিতে কাতাইব হিজবুল্লাহর আক্রমণের পাল্টা জবাবে জোটবাহিনী অপারেশন ইনহেরেন্ট রিসলভ (ওআইআর) পরিচালনা করে। ইরাক ও সিরিয়ায় কাতাইবের পাঁচটি স্থাপনায় হামলা চালানো হয়েছে।’

ঘাঁটিগুলোর মধ্যে তিনটির অবস্থান পশ্চিম ইরাকে, বাকি দুটি সিরিয়ার পূর্বাঞ্চলে। যেসব স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে সেগুলো হয় অস্ত্রাগার, নয়তো কাতাইব হিজবুল্লাহর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত