আরও আক্রমণাত্মক হওয়ার বার্তা কিমের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:০২ পিএম

উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে আরও আক্রমণাত্মক হওয়ার বার্তা দিলেন দেশটির চেয়ারম্যান কিম জং উন। পিয়ংইয়ংয়ে দলীয় নেতাদের সঙ্গে এক নীতিনির্ধারণী সভায় কিম এমন আহ্বান জানান বলে জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা বন্ধের আশঙ্কার মধ্যে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার স্বার্থের কথা উল্লেখ করে এ আহ্বান জানালেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপড়েনের মধ্যে গত শনিবার পিয়ংইয়ংয়ে দলীয় নেতাদের কয়েক দিনের বৈঠক উদ্বোধন করেন কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, গত রবিবার ওই বৈঠকে বক্তব্য রাখেন কিম। কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক বলে বিবেচিত হয় দলীয় প্ল্যানারি ওই বৈঠক।

রবিবার ওই বৈঠকে কিম জং উন বলেন, বর্তমান পরিস্থিতির আলোকে দেশের পূর্ণাঙ্গ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইতিবাচক ও আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। তবে আক্রমণাত্মক পদক্ষেপ বলতে কী বোঝানো হয়েছে, তা নিয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। রবিবার কিম জং উনের মন্তব্য প্রকাশের আগেই হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাব দেওয়ার অনেক উপায় যুক্তরাষ্ট্রের হাতে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত