সুনামগঞ্জে শিশু তুহিন হত্যা

বাবা-চাচাসহ ৫ জনকে আসামি করে অভিযোগপত্র

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০১:২৪ এএম

সুনামগঞ্জের দিরাইয়ে শিশু তুহিন মিয়াকে (৫) নৃশংসভাবে হত্যার ঘটনায় তার বাবা, তিন চাচা ও এক চাচাতো ভাইসহ মোট পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। গতকাল সোমবার সুনামগঞ্জের বিচারিক হাকিম শুভদীপ পালের আদালতে দেশব্যাপী আলোড়ন তোলা এই হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করা হলে আদালত সেটি গ্রহণ করে। সুনামগঞ্জ পুলিশের কোর্ট পরিদর্শক আশেক সুজা মামুন দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

অভিযোগপত্র জমা দেওয়ার পর গতকাল দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। তিনি জানান, তুহিনের বাবা আবদুল বাছির এবং তিন চাচা ও এক চাচাতো ভাইয়ের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের অভিযোগপত্রে আসামি করা হয়েছে। এদের মধ্যে একজনের বয়স ১৮ বছরের কম হওয়ার তার বিরুদ্ধে শিশু আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার বলেন, ‘চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনার আড়াই মাসের মধ্যে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গ্রামে থাকা প্রতিপক্ষকে ফাঁসাতে তুহিনের পরিবারের লোকজন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তুহিনের বাবা আবদুল বাছির এবং চাচা নাসির উদ্দিন, আবদুল মছব্বির ও জমসেদ আলী ও চাচাতো ভাইকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশ তিনজনকে রিমান্ডে নেয়। দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশের তদন্তে এই পাঁচজনই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। ঘটনার তিন দিন আগে আসামিরা এই হত্যার পরিকল্পনা করেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত