পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ কে এম আব্দুল আউয়ালের বিরুদ্ধে পৃথক তিন মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়েছে। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে মামলা তিনটি করেন। গত ২৪ ডিসেম্বর আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে এসব মামলার অনুমোদন দেয় দুদক। পরদিন আব্দুল আউয়ালের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেয় দুদক। দুদকের পরিচালক দেবব্রত মণ্ডল মামলা
তিনটি দায়েরের বিষয় নিশ্চিত করেছেন।
এক মামলার এজাহারে বলা হয়েছে, আউয়াল অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ছয় ভুয়া ব্যক্তিকে ভূমিহীন দেখিয়ে সরকারি খাস জায়গা লিজ নেন। ওই খাস জমিতে স্ত্রী লায়লা পারভীনের নামে তিনতলা ভবন নির্মাণ করেন। ওই ভবন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতিকে ভাড়া দেন। এভাবে সরকারি সম্পত্তি অবৈধভাবে দখলে রাখার অপরাধে আউয়াল ও লায়লা পারভীনের বিরুদ্ধে মামলাটি করেছে দুদক।
আরেক মামলায় বলা হয়, ভুয়া ব্যক্তিদের ভূমিহীন দেখিয়ে স্বরূপকাঠি উপজেলার ডাকবাংলোর কাছে সরকারি খাস জমি লিজ নিয়ে অবৈধভাবে দখল করে আধুনিক ডাকবাংলো নির্মাণ করেন আউয়াল, যার পরিপ্রেক্ষিতে ক্ষমতার অপব্যবহার অভিযোগে মামলাটি করা হয়েছে। অপর মামলায় বলা হয়, পিরোজপুর শহরের খুমুরিয়া মৌজার রাজার পুকুর নামে পরিচিত ৪৪ শতক সরকারি খাস জমি বা অর্পিত সম্পত্তি ভরাট করে চতুর্দিকে দেয়াল তৈরির মাধ্যমে দখল করে রেখেছেন আউয়াল। এ ঘটনায় দুদক মামলাটি করেছে।
