জেএসসিতে ফেল করায় গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:০৮ পিএম

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাতেমা আক্তার (১৪) নামে এক পরীক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ২টার দিকে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ফাতেমা আক্তার উপজেলার ইদিলপুর ইউনিয়নের মিত্রসেনপট্টি গ্রামের মোস্তফা খাঁ ও নাজমা বেগম দম্পতির মেয়ে।

এবার ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ফাতেমা। জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, সে অঙ্কে ফেল করেছে।

ফাতেমার বাবা মোস্তফা খাঁ বলেন, আমার তিন মেয়ে। ফাতেমা বড় মেয়ে। শুধুমাত্র একটি বিষয়ে ফেল করায় আমার আদরের মেয়েটা আত্মহত্যা করল। আমরা কেউ তাকে কিছুই বলিনি।

এ বিষয়ে গোসাইরহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, স্কুলছাত্রী ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। সে গত বছরও জেএসসিতে একই বিষয়ে ফেল করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত