অজ্ঞাত ব্যক্তির ৯৯৯-এ ফোনে বন্ধ হলো কিশোরীর বিয়ে

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৪ পিএম

বিয়ের সকল প্রস্তুতি সম্পন্ন! বরযাত্রীও কনের পিত্রালয়ে। অতিথিদের আপ্যায়ন শেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা উভয় পক্ষের মুরুব্বিদের।

কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতায় বাঁধ সাধল পুলিশ।  ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ সরাসরি উপস্থিত বিয়ের অনুষ্ঠানে। বন্ধ করা হলো বাল্য বিয়ের আয়োজন। আর এভাবেই বাল্যবিয়ে থেকে মুক্তি পেল এক কিশোরী।

ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলায়, সোমবার দুপুরে উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের মৃত আবদুর রবের বাড়িতে। পরে পুলিশ উপস্থিত থেকে কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য বর, কনে ও তাদের অভিভাবকদের কাছ থেকে লিখিতভাবে অঙ্গীকারনামা নিয়ে বিয়ে বন্ধ করে দেয়।

পুলিশ জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিয়ে বাল্য বিয়ে বন্ধের জন্য আহ্বান জানান। এ সময় ফোন কলটি সরাসরি চাঁদপুর মডেল থানায় লিংক করে দেয় এবং থানা থেকে ওয়ারল্যাসের মাধ্যমে ঘটনাস্থলের নিকটস্থ পুলিশ টিমকে প্রেরণ করা হয়। পরে মডেল থানার এসআই মো. শাখাওয়াত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিয়ের কার্যক্রম বন্ধ করে। পরবর্তীতে স্থানীয় গণমান্য মানুষের উপস্থিতিতে ভবিষ্যতে বাল্যবিয়ে না দেওয়ার জন্য উভয় পক্ষের মুরুব্বিদের লিখিত অঙ্গীকার নিয়ে ফিরে আসে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, সোমবার দুপুরে অজ্ঞাত এক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিলে আমরা দ্রুত বিষয়টি খতিয়ে দেখি এবং বিয়ে বন্ধের ব্যবস্থা গ্রহণ করি। বাস্তবতা ও মানবিক দিক বিবেচনা করে আমরা মামলা দিইনি। তবে অভিভাবকদের প্রতি আহ্বান থাকবে তারা যেন কোন অবস্থাতেই তাদের সন্তানদের বাল্যবিয়ে না দেয়। আমরা প্রতিনিয়তই ৯৯৯ এর মাধ্যমে সাধারণ মানুষের অনেক ধরনের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত