সমুদ্র তীরবর্তী এলাকায়ও ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার দাবানল। এতে পুড়ে গেছে দুই শতাধিক ঘরবাড়ি।
বিবিসি জানায়, এর মধ্যে ভিক্টোরিয়ার গিপসল্যান্ডে পুড়েছে ৪৩ ঘরবাড়ি। বাকি ১৭৬টি পুড়েছে নিউ সাউথ ওয়েলসে।
এদিকে আগুন তাদের শহর ঘিরে ফেলায় মঙ্গলবার কয়েক হাজার মানুষ সমুদ্র সৈকতের দিকে পালিয়ে আশ্রয় নিতে ব্যর্থ হয়েছেন। তাদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
দুর্যোগকবলিত এলাকায় মানবিক ত্রাণ প্রদানে বুধবার জরুরি কর্মীদের পাশাপাশি নৌবাহিনীর জাহাজ ও সামরিক বিমান কাজে লাগানো হচ্ছে। তারা মাসব্যাপী দাবানলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করবে।
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর ২৪ ঘণ্টায় তিনজনের প্রাণহানি ঘটেছে। আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
উপকূলীয় এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার কারণে হাজার হাজার পর্যটক ও স্থানীয় লোকজনকে নতুন বছরে নিরাপদ স্থানে আশ্রয় নিতে দেখা গেছে।
দাবানলে বিদ্যুৎ ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে এবং টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় টেলিফোন লাইন ও ইন্টারনেট ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।
