অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল থেকে ২০০ পশুকে নিজের ঘরে নিয়ে বাঁচালেন চিড়িয়াখানার পরিচালক।
বিবিসি জানায়, নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের মোগো শহরের চিড়িয়াখানাটি দেশটির সবচেয়ে বেশি প্রাইমেট প্রজাতির সংগ্রহশালা। এ ছাড়া আছে জেব্রা, গন্ডার ও জিরাপের বিশাল সংগ্রহ।
দেশটির ভয়াবহ দাবানলের মুখে পড়ে মোগো জু নামে চিড়িয়াখানাটি। তবে মোগো জু'র পরিচালকের সাহসিকতায় দাবানলের আগুন থেকে বেঁচে যায় চিড়িয়াখানাটির পশুপ্রাণীগুলো।
বানর, পান্ডা এমনকি বাঘের মতো হিংস্র প্রাণীরও অস্থায়ী আবাস হয়ে উঠে ওই কর্মকর্তার ঘর।
চিড়িয়াখানার পরিচালক চ্যাড স্ট্যাপলস জানান, পরিস্থিতি ছিল খুব ভয়াবহ, অকল্পনীয়, শেষ বিচারের দিনকে মনে করিয়ে দেয়।
মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের ওই এলাকাটি ছেড়ে আসার জন্য সেখানকার মানুষকে নির্দেশ দিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু চিড়িয়াখানাটিকে ছেড়ে যায়নি এর কর্মকর্তারা।
তারা সিদ্ধান্ত নেন যেভাবেই হোক প্রাণীগুলোকে বাঁচাবেন। শেষমেস স্ট্যাপলেসের বাড়িতেই আশ্রয় মেলে বিপুল সংখ্যক এই প্রাণীর।
চিড়িয়াখানাটির এই পরিচালক বলেন, ‘এই মুহূর্তে আমার ঘরের সবগুলো কক্ষই প্রাণীরা দখল করে আছে। তারা নিরাপদ এবং সুরক্ষিত আছে। একটি প্রাণিও হারিয়ে যায়নি।’
