কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর পালপাড়া ব্রিজের নিচ থেকে মধ্যবয়সী যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৮টায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ডান হাতে কালো প্লাস্টিক টেপ প্যাঁচানো অবস্থায় পালপাড়া ব্রিজ এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
উদ্ধার যুবকের নাম শাহাদাত আলী খান সাবাত (২৮)। সে কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর পানিরটাঙ্কি এলাকার ডা. লিয়াকত আলী খানের ছেলে।
স্থানীয়রা জানান, মৃতদেহটি ভেসে এসে পালপাড়া ব্রিজের মাঝখানে আটকে থাকতে দেখে পুলিশকে জানান। ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লাা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন। পিবিআই ও সিইডির বিশেষ টিম মৃতদেহ থেকে আলামত সংগ্রহ করেছে।
নিহত সাবাতের বাবা ডা. লিয়াকত আলী খান জানান, গত সোমবার বাড়ি থেকে বেরোনোর পর ছেলের সঙ্গে আর যোগাযোগ হয়নি।
কুমিল্লা ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিন কাদির জানান, বুধবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
