লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকায় দারুল উলুম একাডেমির মাদ্রাসার টয়লেট থেকে নুরানি বিভাগের প্রথম শ্রেণির ছাত্র মো. ইমন হোসেন (১২) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে দত্তপাড়া দারুল উলুম একাডেমির মাদ্রাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান মাদ্রাসাছাত্র ইমন হোসেনের মৃতদেহ সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ অবহিত করেন।
মৃত ইমন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের কংশ নারায়নপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে ও মাদ্রাসার আবাসিক নুরানি বিভাগের প্রথম শ্রেণির ছাত্র।
মাদ্রাসার শিক্ষক মাহমুদুল হাসান জানান, শুক্রবার সকালে মাদ্রাসার আবাসিক ভবনের টয়লেট থেকে মো. ইমন হোসেনের দেহ ভেন্টিলেটর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর সদর উপজেলার মডেল থানার উপপরিদর্শক আবদুল আলীম জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি।
নিহত শিশুর মা নাজমা আক্তার সাংবাদিকদের বলেন, ‘ছেলে চায়নি মাদ্রাসায় পড়তে। তারপরও তাকে আমরা মাদ্রাসায় ভর্তি করাই। এ নিয়ে তার মনে ক্ষোভ ছিল। হয়তো সে কারণে আমার ছেলে আত্মহত্যা করেছে’।
